চট্টগ্রামে পৃথক অভিযানে সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার
নগরীতে পৃথক দুই অভিযানে পুলিশ তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল নুরুল ইসলাম মিরন (২৭) ও ইকবাল হোসেন (২৮)।
ডবলমুরিং জোনের পুলিশের সহকারী কমিশনার তোফায়েল আহমেদ মিয়া জানান, মিরন হালিশহর থানার তালিকাভুক্ত এক নম্বর সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে চারটি মামলা রয়েছে।
অপরদিকে ইকবাল ডবলমুরিং থানার তালিকাভুক্ত ১১ নম্বর শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে এই থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃতরা এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসি তোফায়েল আহমেদের নেতৃত্বে ডবলমুরিং ও হালিশহর থানা পুলিশ মঙ্গলবার রাত ১২টায় হালিশহর ১ নং গেইট থেকে সন্ত্রাসী মিরনকে এবং রাত ১টায় বারিক বিল্ডিং মোড়ের সন্নিকটস্থ মিস্ত্রী পাড়া থেকে সন্ত্রাসী ইকবাল হোসেনকে গ্রেফতার করে।
এসি তোফায়েল আহমেদ জানান, অস্ত্র উদ্ধার ও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য বৃহস্পতিবার আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
এদিকে পাঁচলাইশ থানা পুলিশ বুধবার বিকাল ৫ টায় নগরীর বায়েজীদের তাহেরাবাদ এলাকা থেকে দুইজনকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ এবং দুটি চাকুসহ গ্রেপ্তার করেছে।
পাঁচলাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই ফোরকান আহমেদ জানান, ওসি হিমাংশু কুমার দাশের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে রাশেদ (২০) ও ইউসুফ (১৯) নামের দুইজনকে গ্রেফতার করে।
