‘জাকারিয়া ছুটিতে যাবেন, নির্বাচন পেছানো হবে না’
সাংবিধানিক নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা। পাশাপাশি নির্বাচন কমিশনার স ম জাকারিয়াকে ছুটিতে যাওয়ার অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা পরিষদ।
বুধবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২২ জানুয়ারি ঠিক রেখে অন্যান্য সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
রাজনৈতিক সংকট ও অচলাবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে টানা তৃতীয় দিনের মতো রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে বঙ্গভবনে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ও তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম। আরেক উপদেষ্টা ইয়াসমীন মুর্শেদ এসময় তার সঙ্গে ছিলেন।
মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, ভোট গ্রহণের জন্য সংবিধানের নির্ধারিত সময়সীমা মেনে ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। রাজনৈতিক দলগুলো এ সময়সীমা না মানলে কী করবেন এ প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, অনুমানভিত্তিক কোনো প্রশ্নের উত্তর দেয়া যায় না।
ভোটার তালিকা সংশোধন সম্পর্কে তথ্য উপদেষ্টা জানান, আদালতের নির্দেশ মেনে ভোটার তালিকা সম্পন্ন করার কাজ হয়েছে। তবে ত্রুটিমোচনের জন্য ভোটের আগের দিন পর্যন্ত এই তালিকা হালনাগাদ করে যাবে।
মাহবুবুল আলম বলেন, “কয়েকদিন আগে রাষ্ট্রপতি বঙ্গভবনে সকল জেলার ডিসি এবং এসপিদের সাথে এক বৈঠকে প্যাকেজ প্রস্তাবের অবশিষ্ট অংশ বাস্তবায়নের যে আশ্বাস দিয়েছিলেন আজকের এসব সিদ্ধান্ত সেই প্যাকেজ প্রস্তাবেরই অবশিষ্ট অংশ।”
আজকের এই সিদ্ধান্ত সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করেন মাহবুবুল আলম।
এদিকে বুধবার সকালেই নির্বাচনী তফসিল পুর্ননির্ধারণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাঐক্যজোট।
মহাঐক্যজোটের পক্ষ থেকে গতকাল বিকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক সচিব এম মোকাম্মেল হক এবং সাবেক সচিব মোবায়দুল ইসলাম নির্বাচন কমিশনের সচিব আব্দুর রশিদ সরকারের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অবস্থান ব্যখ্যা করেছেন ।
উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তার দপ্তরে সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, বৈঠকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা শেষে উপদেষ্টারা সবাই ২২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পক্ষে একমত হয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সফিক বলেন, “৯০ দিনের বাইরে নির্বাচন করা সম্ভব কিনা এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রেফারেন্স দরকার। তবে এই রেফারেন্স প্রক্রিয়া অনেক দীর্ঘ। এখন সময় হাতে নেই বলে ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”
আরেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বৈঠক শেষে তার দপ্তরে সাংবাদিকদের বলেন, “১৪ দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ১৪ দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে। এর বাইরে সুযোগ বর্তমান আইনে নেই। সুপ্রিম কোর্টের রেফারেন্স প্রসঙ্গে রুহুল আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে আইন উপদেষ্টারা প্রয়োজনে পরামর্শ দেবেন।”
