কবি জসীমউদ্দীনের মানস কন্যা হাজেরা বিবিকে দাফন
প্রবীণ লোকসঙ্গীত শিল্পী ও পল্লী কবি জসীমউদ্দীনের মানস কন্যা হাজেরা বিবিকে (৯৫) মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের শোভারামপুর গ্রামে তার নিজ বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়েছে।
সোমবার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চর সালিপুর গ্রামে এক ভক্তের বাড়িতে রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
হাজেরা বিবি ১৯৪৬ সালে বেতারে প্রথম মুসলিম কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন।
মঙ্গলবার বাদ আছর মরহুমার নামাজে জানাজা ও দাফনের সময় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, পল্লীকবির দ্বিতীয় ছেলে ড. জামাল আনোয়ার, ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদি চৌধুরী বারীসহ শিল্পীর অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।
