২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্রসহ আগফান ফেরত জঙ্গি আটক

র‌্যাব সদস্যরা কুমিল্লায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে সন্দেহভাজন আফগানিস্তান ফেরত এক জঙ্গিকে দেহরক্ষী এবং তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

অভিযানের নেতৃত্বদানকারী ধানমণ্ডির র‌্যাব-২ এর সহকারি পরিচালক ক্যাপ্টেন সৈয়দ মোহাম্মাদ সাজিদ কুমিল্লা থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, আটক জঙ্গির নাম জাকির হোসেন ওরফে লাদেন (৩৫)। তাঁর দেহরক্ষী হচ্ছে রাসেল মাহমুদ মজুমদার ওরফে টিটু (২৬)।

ক্যাপ্টেন সাজিদ জানান, ওই দুজন অবৈধ অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত। গোপন সূত্রে এই খবর পেয়ে ঢাকা থেকে র‌্যাব সদস্যরা ক্রেতার ছদ্মবেশে মঙ্গলবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের জয়মঙ্গলপুর গ্রামে অভিযান চালায়। হাতেনাতে তারা আটক করে জঙ্গি লাদেন ও টিটুকে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ব্রিটিশ পয়েন্ট থ্রি টু রিভলবার, একটি ভারতীয় ওয়ান শুটার গান এবং একটি দেশি কাটা বন্দুক।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাদেন নিজেকে আফগান ফেরত মুজাহিদ বলে স্বীকার করেছে। সে জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা শাখার আহ্বায়ক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।