২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক পরিষদের তত্ত্বাবধানেই পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন হওয়া উচিত: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদটি আঞ্চলিক পরিষদে ন্যস্ত করার দাবি জানিয়েছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 02:31 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং পার্বত্য জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম, জ্বালানী ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা রুহুল আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে এ দাবি জানান।

সন্তু লারমা সাংবাদিকদের বলেন, আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নের বিষয়টি পর্যবেক্ষণ করে বলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের কাজ আঞ্চলিক পরিষদের তত্ত্বাবধানেই হওয়া উচিত।

বৈঠক শেষে রুহুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সন্তু লারমা সরকারেরই একটা অংশ। তাই কোনো একটি দাবি নিয়ে বরং তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এবং ৩৩টি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে আঞ্চলিক পরিষদে ন্যস্ত করার বিষয় নিয়ে তার সঙ্গে বৈঠক করেছি।

গত দুই দিনে পার্বত্য চট্টগ্রামের মোট ২৬ টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে এর সবগুলোই প্রশাসনিক সিদ্ধান্ত বলে জানান রুহুল আলম চৌধুরী। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেবে না। যদি কোন রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন হয় তবে তা নির্বাচিত সরকারই গ্রহণ করবে বলে জানান রুহুল আলম চৌধুরী।

রুহুল বলেন, পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন কাজ চলছে তার অগ্রগতি দেখার জন্য কয়েকদিনের মধ্যে একজন সচিব পার্বত্য চট্টগ্রাম সফর করবেন।

পার্বত্য চট্টগ্রাম আর পরিষদের দাবি অনুযায়ী ৩৩ টি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আঞ্চলিক পরিষদে ন্যস্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে ১৭টি ন্যস্ত করা হয়েছে। চারটি প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে ৩৩টি হস্তান্তরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন রুহুল আলম চৌধুরী।