শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই: ইউনূস
নোবেল শান্তি পুরস্কার নিয়ে দেশে ফিরে অধ্যাপক ইউনূস বলেছেন, “শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই।”
নরওয়ের অসলোতে নোবেল শান্তি পদক গ্রহণের পর কয়েকটি দেশ সফর শেষে ইউনূস মঙ্গলবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে গ্রামীণ ব্যাংকের কর্মীরা তাঁকে নেচে-গেয়ে অভ্যর্থনা জানান।
ফুলের মালা দিয়ে তারা বরণ করে নেন ইউনূসকে। এসময় তার সঙ্গে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিত্বকারী তাসলিমা বেগম ও অন্য প্রতিনিধিরাও ছিলেন।
সকাল সোয়া ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে নিয়ে একটি বর্ণাঢ্য শান্তি মিছিল বের হয়। মিছিলটি বিমানবন্দর থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিরপুর ২ নম্বরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসে পৌঁছে।
সেখানে দুপুর দেড়টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস নোবেল শান্তি পদক গ্রহণের অনুভূতি বর্ণনা করেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি না হলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“প্রায় ১১ দিন দেশের বাইরে ছিলাম, মাত্র এলাম, দেখি-শুনি পরিস্থিতি বুঝি, তারপর আমার মতামত জানাবো।”
দেশের স্বার্থে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার যে আহ্বান তিনি জানিয়েছিলেন সে সম্পর্কে ড. ইউনূস বলেন, “সেটি ছিল একটি সৎ উপদেশ, প্রধান উপদেষ্টা এটা পালন করবেন কি না তা আমার জানার বিষয় নয়।”
ইউনূস বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই।” তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সম্প্রতি যে প্রশ্ন তুলেছেন সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি বলেন, “এটি বিচারের দায়িত্ব দেশের নীতি নির্ধারকদের।”
তিনি বলেন, “নোবেল শান্তি পদক গ্রহণের পর নরওয়ে, লন্ডন এবং ফ্রান্স সফরের সময় আমি প্রচুর সম্মান ও ভালোবাসা পেয়েছি। এসব দেশের ব্যবসায়ীরা বাংলাদেশের নারীদের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।”
দারিদ্র একটি জাতির ওপর ‘চাপানো বিষয়’ উল্লেখ করে তিনি বলেন,“ ইচ্ছা থাকলেই যে এটি ঘোচানো সম্ভব তা বিশ্ববাসীকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে।”
গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হিসেবে নোবেল পদক গ্রহণকারী তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “দারুণ আনন্দ ও গৌরবের অনুভূতি নিয়ে ফিরে এসেছি। আশা করছি ২০১০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের সারিতে পৌঁছে যাবে।”
