রাঙামাটিতে সেনা সদস্য নিহত
রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাইজছুড়ি এলাকায় রোববার রাতে শান্তি চুক্তির পক্ষ-বিপক্ষ সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক সেনা সদস্য মারা গেছেন।
নিহত সেনা সদস্যের নাম ক্যাপ্টেন নুরুল আজম গাজী।
সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তি চুক্তিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে টহলরত স্থানীয় সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় একটি গুলি এসে লাগে ক্যাপ্টেন নুরুল আজমের মাথায়। এতে তিনি গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় রাতেই চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশিও চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সেনা সদস্যের নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে।
অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আনিসুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটির ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গুলি বিনিময়ের সময় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম সেনানিবাসে জানাজা শেষে নিহতের মরদেহ হেলিকপ্টারে করে তার দেশের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে সমারিক মর্যাদায় দাফন করা হয়েছে।
