বাগেরহাটে বিদ্যুৎ কর্মকর্তাকে কুপিয়ে জখম
বাগেরহাটে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা শেখ আব্দুল জব্বারকে (৫২) রোববার সকালে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে।
তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আব্দুল জব্বার বাগেরহাট বাসাবাটি ১৩২/৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক।
প্রত্যক্ষদর্শী ও আব্দুল জব্বারের পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টা নাগাদ শহরের বাসাবাটি এলাকার নিজ বাড়ি থেকে তিনি রিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। স্থানীয় গির্জার কাছে পৌঁছালে প্রাইভেট কার নিয়ে ওঁৎ পেতে থাকা চার সন্ত্রাসী রিকশার গতিরোধ করে। এরপর আব্দুল জব্বারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
আব্দুল জব্বারের মেয়ে মুনমুন জানান, গ্রামের বাড়িতে কিছু লোকের সঙ্গে তার বাবার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রাইভেট কারটি আটক করা হয়েছে। তবে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, এখন গাড়ির মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আব্দুল জব্বারের পরিবারের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে পুলিশ জমি সংক্রান্ত বিরোধকে এই হামলার কারণ বলে ধারণা করছে।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবদুল জব্বারকে বহনকারী রিকশার চালক আরিফকে (২২) থানায় এনে রেখেছে। বাগেরহাট থানায় একটি মামলা হয়েছে।
