২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

মহানগরীর শাহ মুখদুম থানার চকপাড়া এলাকায় রোববার ভোর সাড়ে তিনটার দিকে বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নিহতরা হলেন বাগানপাড়ার ফজর আলী (৩৫), আনারুল ইসলাম (৪০) এবং চকপাড়া গ্রামের আব্দুল হান্নান (৩৫)।

এই ঘটনায় গুরুতর অসুস্থ চকপাড়ার সুবল পাহাড়িয়ার অবস্থা সংকটাপন্ন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ফজর আলী ও আনারুল ইসলাম এবং চকপাড়া গ্রামের আব্দুল হান্নান তিনজন মিলে চকপাড়ার সুবল পাহাড়িয়ার বাড়িতে একসঙ্গে বসে চোলাই মদ পান করে।

ফজর আলীর স্ত্রী ফরিদা পারভিন জানান, মদ পান করে রাত সাড়ে ১২ টার দিকে দুই সঙ্গীসহ তার স্বামী বাসায় ফিরেই প্রচন্ড পেট ব্যথার কথা জানান। তার অপর দুই সঙ্গীরও একই সমস্যা হয়।

রাত ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনজন মারা যান।

শাহমুখদুম থানার এসআই মাসুদ বলেন, বিষাক্ত মদ পান করেই তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

সুবল পাহাড়িয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে পুলিশের সহায়তায় চোলাই মদ তৈরি এবং বিক্রি হতো বলে অভিযোগ করেছেন হান্নানের বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, “শাহমুখদুম থানা পুলিশকে বখরা দিয়েই থানা এলাকায় ২০ টি চোলাই মদের কারখানা চলছে। আর এই বিষাক্ত মদ পান করেই আমার ছেলের মৃত্যু হয়েছে।”

এসআই মাসুদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ধরা পড়লেই এমন অভিযোগ করা হয় পুলিশের বিরুদ্ধে। কোনরকম বখরা নেওয়ার প্রশ্নই উঠে না। খবর পেলেই আমরা এসব আস্তানা তুলে দেই। কিন্তু তারা আবারও সক্রিয় হয়।”

পুলিশ তিনটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।