সশস্ত্র বাহিনীর বিজয় দিবস পালন
বাংলাদেশ সশস্ত্র বাহিনী যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করছে। তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় শনিবার সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি করে দিনের অনুষ্ঠানমালা শুরু করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং স্থাপনা, বিভিন্ন ইউনিট এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সেনা, নৌ ও বিমান বাহিনীর বাদকদল যথাক্রমে ক্রিসেন্ট লেক, ফার্মগেট পার্ক এলাকা এবং মিরপুর ২ নং জাতীয় স্টেডিয়ামে যন্ত্রসঙ্গীত পরিবেশন করে।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা ও বরিশালে নৌবাহিনীর কিছু জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিজয় দিবস উপলেক্ষে শুক্রবার থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে চলছে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী। ১৬ থেকে ১৮ ও ২০ থেকে ২২ ডিসেম্বর এ প্রদর্শনী সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সবার জন্য খেলা থাকবে। ১৯ ডিসেম্বর সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার ও সেনানিবাসের স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ২২ ডিসেম্বর বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রদর্শনী দেখতে পারবে।
