২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দু-একদিনের মধ্যেই নির্বাচনের নতুন তারিখ’

নির্বাচন কমিশনার মো. সাইফুল আলম বলেছেন, “দুই একদিনের মধ্যেই নির্বাচনের নতুন তারিখ জানা যাবে। ২৩ শে জানুয়ারি সরস্বতী পূজা থাকায় সেদিন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা ভুল হয়ে গেছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মঙ্গলবার বেলা ১ টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুল আলম একথা বলেন।

এদিকে নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকারও বলেছেন, “নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য দুই রাজনৈতিক জোটের সঙ্গে আমরা আলোচনা করেছি। মনোনয়নপত্র দাখিলের আগেই এই পরিবর্তন করা হবে।”

চার উপদেষ্টার পদত্যাগ এবং দুজন নির্বাচন কমিশনারের ছুটিতে যাওয়ার সিদ্ধান্তে নির্বাচন পরিস্থিতি কতোটা অনুকূলে তা জানতে চাওয়া হলে সাইফুল আলম বলেন, “আমরা ভালোটাই আশা করি। কোনটা অনুকূল পরিস্থিতি, কোনটা প্রতিকূল তা বলা মুশকিল। মুহূর্তে মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।”

প্রতিমুহূর্তেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। চার উপদেষ্টার পদত্যাগের কারণে আসন্ন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা সাময়িক, শীঘ্রই এই অনিশ্চয়তা কেটে যাবে।

তিনি আরও বলেন, “কেউ ছুটিতে যাবেন কি যাবেন না তা নির্ভর করছে যিনি ছুটিতে যাবেন তার ওপর। এটি শুধু সাংবিধানিক পদ বলে নয়, বড় বড় পদের দায়িত্বপ্রাপ্তরা এক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে রাখেন। যেমন জেলা প্রশাসক ছুটিতে যেতে চাইলে শুধুমাত্র কাউকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সংস্থাপন মন্ত্রণালয়কে জানালেই হয়। পদ্ধতিটাই এরকম।”