২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধন কাজে কোনো রাজনৈতিক চাপ নেই: কমিশন সচিব

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। এই কাজে কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ মুখে। মঙ্গলবার বেলা পৌনে ৩ টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এক প্রশ্নের জবাবে সচিব আব্দুর রশীদ সরকার বলেন, “ভোটার তালিকা সংশোধনের কাজে নির্বাচনী কর্মকর্তাদের ওপর কোথাও কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না। এ সম্পর্কে আমাদের কাছে কেনো তথ্যও নেই।”

এর আগে মঙ্গলবার দুপুরে সাবেক যুগ্মসচিব এম এ মান্নানের নেতৃত্বে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সচিবের সঙ্গে সাক্ষাত করেন। প্রতিনিধিদলটির তোলা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, “আমরা তালিকায় নতুন ভোটারের নাম অন্তর্ভূক্তি এবং একই নামের পুনরাবৃত্তি থাকলে তা কর্তনের ওপর জোর দিচ্ছি।”

এদিকে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ানোর অনুরোধ করলে সচিব বলেন, “যদি প্রয়োজন হয় সময় বাড়ানো হবে। এ জন্য এখনও সময় আছে।”

আব্দুর রশীদ সরকারের সঙ্গে সাক্ষাত শেষে বেলা ২ টায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা এম এ মান্নান সাংবাদিকদের বলেন, “তালিকা সংশোধনের কাজে বেশ কিছূ ফাঁক-ফোঁকড় আছে বলে স্বীকার করেছেন নির্বাচন কমিশন সচিব।”

তিনি বলেন, “তালিকা সংশোধন ফরমের সংকট দেখা দিয়েছে অনেক স্থানে। এ ক্ষেত্রে ফরমগুলোর ফটোকপি করেও কাজ চালানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে জানা গেছে, মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি।”

চার উপদেষ্টা পদত্যাগ করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি-না এ প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, “নির্বাচনে যাওয়া-না যাওয়ার সিদ্ধান্ত দলীয় সভানেত্রী এবং দলের সিনিয়র নেতারা নেবেন। আমরা তো বলিনি, আওয়ামী লীগ নির্বাচনে যাবে না।”

তিনি বলেন, “এর আগে গত ৯ ডিসেম্বর দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের একটি চিঠি কমিশনকে হস্তান্তর করে আমরা নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধন বিষয়ে বেশ কিছু সুপারিশ করেছিলাম। আমাদের দাবি একটাই। কোনো নতুন ভোটারকে বাদ দেওয়া যাবে না এবং তালিকায় কোনো ভুতুড়ে ভোটার থাকবে না।”

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংশোধনের কাজ চলছে। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে স্বরস্বতী পূজার দিন বলে জাতীয় পূজা উদযাপন কমিটি ২৩ জানুয়ারি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে।

এ প্রসঙ্গে সচিব বলেন, “তারিখ পরিবর্তনের জন্য দুই রাজনৈতিক জোটের সঙ্গে আমরা আলোচনা করেছি। মনোনয়নপত্র দাখিলের দিনটির আগেই ভোটের এই তারিখ পরিবর্তন করা হবে।”

এদিকে, মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চারজন প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানার জন্য কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়ার সঙ্গে সাক্ষাত করেন।