২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে ১৪ দলের মিছিলে বোমা হামলা

রাজধানীর মুক্তাঙ্গন থেকে মঙ্গলবার দুপুরে আটটি বোমা উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই ৫০ গজ দূরে পল্টনে ১৪ দলের মিছিলে বোমা হামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

একটি বহুতল ভবনের ছাদ থেকে তিনটি বোমা ছোড়া হলেও মিছিলের কেউ হতাহত হয়নি। এসময় নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পরে।

প্রত্যক্ষদর্র্শীরা জানান, মুক্তাঙ্গনে আয়োজিত ১৪ দলের বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য পল্টন হয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় বিকেল সোয়া চারটার দিকে মল্লিক টাওয়ারের ছাদ থেকে বোমাগুলো ছোড়া হয়।

এস আই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, তিনি দেখেছেন মল্লিকা টাওয়ারের ছাদ থেকে বোমাগুলো ছোড়া হচ্ছে। তবে হামলাকারীদের কাউকে ধরা যায়নি।

এর আগে বেলা, দুপুর সোয়া ১২টায় সমাবেশস্থলের পেছনের দেয়াল থেকে জর্দার কৌটায় টেপ দিয়ে মোড়ানো আরো আটটি বোমা উদ্ধার করা হয়।

ওসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, বোমা হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।