রাষ্ট্রপতি নতুন চার উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন
পদত্যাগী চার উপদেষ্টার শূণ্যস্থান পূরণে নতুন চার উপদেষ্টা নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক মাঈনউদ্দিন খান, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল রুহুল আলম, বেসরকারি সংস্থা আশা শফিকুল হক চৌধুরী এবং সাবেক সচিব নজরুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
দুপুর সোয়া দুইটায় আমাদের প্রতিনিধি এহসানুল হক বাবু জানিয়েছেন, নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার বঙ্গভবনে চলে গেছেন। এসময় তিনি কম্পিউটার অপারেটর থেকে শুরু করে যুগ্ম সচিব পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীদেরও বঙ্গভবনে নিয়ে যান।
এসময় বঙ্গভবনে মাহবুবুল আলম, এম আজিজুল হক, ফজলুল হক, ইয়াসমীন মুর্শেদ, ডা. সুফিয়া রহমান, ধীরাজ কুমার নাথ এ ছয় উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।
