ইউএনডিপি পুরস্কার পেল ‘দুর্জয় নারী সঙ্ঘ’
এইচআইভি/এইডস সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের নারী সংগঠন ‘দুর্জয় নারী সঙ্ঘ’ ইউএনডিপির ‘রেড রিবন’ পুরস্কার পেয়েছে।
সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মনোজ বাসনেত পুরস্কার হিসেবে ২০ হাজার আমেরিকান ডলারের চেক সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেন।
চলতি বছর দুর্জয় নারী সঙ্ঘের সঙ্গে সম্মেলিতভাবে ইউক্রেন, থাইল্যান্ড, জিম্বাবুয়ে ও জাম্বিয়ার আরও চারটি সংগঠন ইউএনডিপির এ পুরস্কার লাভ করে।
এর জন্য প্রাথমিকভাবে সারাবিশ্বের প্রায় ৬০০ সংস্থাকে মনোনয়ন দেওয়া হয়। পরে আন্তর্জাতিক পর্যায়ের ৫০ জন এইচআইভি/এইডস বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি শীর্ষ ২৫ সংস্থাকে মনোনীত করে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুর্জয় নারী সঙ্ঘের প্রশংসা করে মনোজ বাসনেত বলেন, “তাদের এই অর্জন বাংলাদেশে তৃণমূল পর্যায়ে তৎপর স্থানীয় পর্যায়ের সংগঠনগুলোর সামর্থ্য প্রকাশ করেছে। এই সামর্থ্য বাংলাদেশকে দারিদ্র মুক্তকরণের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সঙ্গীত শিল্পী রুনা লায়লা, অভিনেতা আলমগীর, ইউএনএইডসের কান্ট্রি চিফ ড্যান ওডেলো উপস্থিত ছিলেন।
দুর্জয় নারী সঙ্ঘ যৌনকর্মীদের কাছে কনডম সরবরাহের পাশাপাশি এইডসের ভয়াবহতা সম্পর্কে তাদের সচেতন করছে। এছাড়া সংগঠনটি যৌনকর্মীদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাও করছে।
পুরস্কার প্রদান উপলক্ষে ইউএনডিপির এক বিবৃতিতে সংস্থার পরিচালক কেমাল ডেরভিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “এইডসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সংগঠনগুলোকে একত্রিত করার ক্ষেত্রে ‘রেড রিবন’ পুরস্কার বড় সুযোগ সৃষ্টি করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়,“কখনও কখনও যুদ্ধ এবং অতিদারিদ্রের মতো অত্যন্ত কঠিন পরিস্থিতির মাঝেও এসব সংস্থা সত্যিকারের সাফল্য অর্জনের পথ খুঁজে নিতে সক্ষম হয়।”
প্রসঙ্গত, বাংলাদেশে এখন পর্যন্ত এইচআইভি/এইডসে আক্রান্ত প্রায় সাড়ে সাত হাজার রোগীর সন্ধান পাওয়া গেছে।
