দাউদকান্দির পাঁচ শতাধিক নেতা-কর্মীর আগাম জামিন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভুঁইয়াসহ কুমিল্লার দাউদকান্দির ৫শতাধিক নেতা কর্মীকে ৬টি ফৌজদারি মামলায় আগাম অন্তবর্তী কালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
একইসঙ্গে তাদের কেন স্থায়ী আগাম জামিন দেয়া হবে না তার কারণ দেখানোর র জন্য সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জামিনের আবেদনে জানা যায়, গত ২৮ ও ২৯ নভেম্বর দাউদকান্দি খন্দকার মোশাররফ হোসেন কলেজ ও কলেজের মসজিদে ভাংচুর ও মোশাররফের গ্রামের বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ একেএম মফিজুর রহমানসহ অন্যরা ৬টি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের অধীনে মামলা করে।
আদালত আসামীদের ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
হাইকোর্টের এই একই বেঞ্চ অপর ৬ টি মামলায় কক্সবাজারের হাতিয়ার সাবেক বিএনপির এমপি প্রকৌশলী মো. ফজলুল আলম ও স্থানীয় বিএনপি নেতা আবুল কালামসহ ৪শ ৭৫ নেতা কর্মীকে গত ২৮ ও ২৯ নভেম্বরের ৫টি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন মঞ্জুর করেন।
