২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের দায় স্বীকার

বাগমারার রামরামায় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার (৪০) হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেছে পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি লাল পতাকা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সোমবার দুপুরে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি লাল পতাকার রাজশাহী আঞ্চলিক কমিটির পক্ষে নিখিল সরকার নামের এক ব্যাক্তি রাজশাহীর সাংবাদিকদের কাছে ফোন করে হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেন।

নিখিল সরকার টেলিফোনে জানান, জাহাঙ্গীর চেয়ারম্যান বিভিন্ন সামাজিক অপরাধের সঙ্গে জড়িত ছিল। এছাড়া ২০০৩ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির অন্যতম ক্যাডার মোসলেম ওরফে ওমরকে ধরিয়ে দেয়ার ক্ষেত্রে জাহাঙ্গীরের হাত ছিল। মোসলেম ওরফে ওমর হত্যাকান্ডের প্রতিশোধ নিতেই জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে ।

হত্যাকান্ডের সময় জনতার হাতে আটক চরমপন্থী ক্যাডার রাজশাহীর দুর্গাপুরের বখতিয়ারপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র মতিউরকে বাগমারা থানা পুলিশ রোববার র‌্যাবের কাছে সোপর্দ করেছে। মতিউরকে র‌্যাব তাদের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নিহত জাহাঙ্গীর আলম সরকারের লাশের ময়না তদন্ত রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে সম্পন্ন হয়েছে। পরে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।