বঙ্গভবনে ছয় উপদেষ্টাকে নিয়ে রাষ্ট্রপতির জরুরী বৈঠক
চার উপদেষ্টার পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার বিকেলে অবশিষ্ট ছয় উপদেষ্টাকে নিয়ে বঙ্গভবনে জরুরী বৈঠকে বসেছেন।
বিকেল পৌণে চারটায় উপদেষ্টা বিচারপতি ফজলুল হক, আজিজুল হক, ইয়াসমীন মুর্শেদ, সুফিয়া রহমান, ধীরাজ কুমার নাথ ও মাহবুব উল আলম একে একে বঙ্গভবনে প্রবেশ করেন।
এর আগে সকালে চার উপদেষ্টা ডঃ আকবর আলি খান, সিএম শফি সামি, হাসান মশহুদ চৌধুরী এবং সুলতানা কামাল আলাদা আলাদাভাবে পদত্যাগ করেন।
তাদের পদত্যাগকে অভিন্দন জানিয়ে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, রাষ্ট্রপতির দলীয়করণ ও উপদেষ্টা পরিষদকে অবজ্ঞা করায় তাঁরা পদত্যাগ করেছেন।
আর বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া পদত্যাগকারী চার উপদেষ্টার প্রতি পদত্যাগপত্র প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি তাদের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলবেন।
উপদেষ্টা সুলতানা কামাল তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, সেনা মোতায়েনের প্রতিবাদ ও গুচ্ছ প্রস্তাব বাস্তবায়ন করতে না পারায় তিনি পদত্যাগ করেছেন।
তবে বাকি ছয় উপদেষ্টার মধ্যে চারজন অপর চার উপদেষ্টার পদত্যাগকে সাময়িক সমস্যা হিসেবে অভিহিত করে বলেছেন, তাঁরা এ নিয়ে চিন্তিত নন।
অবশিষ্ট দু’জনের মধ্যে মাহবুব আলম বলেছেন, তার কিছু বলার থাকলে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তা জানাবেন। আর ধীরাজ কুমার নাথ বলেছেন, চার উপদেষ্টার পদত্যাগ করায় তার খারাপ লাগছে।
অপরদিকে চার উপদেষ্টার পদত্যাগের পর দেশে সাংবিধানিক সংকট সৃস্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিন বিশিষ্ট আইনজীবী ডঃ এম জহির, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিষ্টার শফিক আহমেদ।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী উপদেষ্টাদের পদত্যাগকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
বিচারপতি ফজলুল হক বলেছেন, কারও সমস্যা থাকলে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন। এতে কারো কিছু করার নেই।
একে গণতন্ত্রের জন্য হুমকি মনে করেন না উপদেষ্টা আজিজুল হক। তবে তিনি একে সাময়িক সঙ্কট হিসেবে বর্ণনা করে বলেন, এর থেকে উত্তরণ সম্ভব।
উপদেষ্টাদের পদত্যাগকে তাদের ব্যক্তিগত বিষয় হিসাবে অভিহিত করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা ইয়াসমীন মুর্শেদ।
উপদেষ্টা সুফিয়া রহমান দাবি করেন, বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না।
