বন্দুকযুদ্ধে পাবনায় চরমপন্থী নেতা নিহত
পাবনার আতাইকুলার লক্ষীপুরে রোববার বিকেলে র্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল (জনযুদ্ধ)-এর আঞ্চলিক নেতা আব্দুল হান্নান ওরফে ঘায়ে হান্নান নিহত হয়েছে।
নিহত হান্নানের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজিসহ মোট ৪০টি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শফিকুর রহমান জানান, গোপনে সংবাদ পেয়ে র্যাব পাবনা ক্যাম্পের একটি বিশেষ দল ও পুলিশের একটি দল রোববার বিকেলে আতাইকুলার লক্ষীপুরে পৌঁছে। বিকেল পৌনে ৫টার দিকে একদল সন্ত্রাসী র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এক ঘণ্টা স্থায়ী বন্দুকযুদ্ধে ঘায়ে হান্নান নিহত হয়।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে চাঁদাবাজির ৬৮ হাজার নগদ টাকা, ২টি ওয়্যারলেস সেট, পয়েন্ট ৩২ বোরের একটি রাইফেল ও ৬ রাউন্ত গুলি উদ্ধার করা হয়েছে।
