ভাষা সৈনিক গোলাম মাহবুবের নামে সড়ক
ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কাজী গোলাম মাহবুবের গৌরবোজ্জল ভূমিকাকে স্বীকৃতি দিতে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ধানমন্ডি ১০ নম্বর সড়কের নাম ‘কাজী গোলাম মাহবুব সড়ক’।
রোববার মেয়র সাদেক হোসেন খোকা এর নামফলক উন্মোচন করেন। উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন, গাজিউল হক, বিচারপতি আঃ রউফ, গোলাম মাহবুবের সহধর্মীনী পেয়ারা মাহবুব, অধ্যাপক আঃ গফুর, ড. আশরাফ সিদ্দিকী, ডা. কাজী খালেদা, এনাম আহমেদ চৌধুরী প্রমুখ।
সেখানে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। এর ফলে বাঙালি জাতিসত্বা বিকাশ তরান্বিত করে। যা পরবর্তীকালে ’৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন হতে সাহায্য করে।
মেয়র সাদেক হোসেন খোকা বলেন, “কষ্টার্জিত গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ভাষা সৈনিকদের দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।”
আগামী ফেব্রুয়ারিতে ভাষা সৈনিকদের নামে আরো কয়েকটি সড়কের নামকরণ করা হবে বলে ডিসিসি সূত্রে জানা গেছে।
