সেনা মোতায়েনের বিপক্ষে ছিলেন দুই উপদেষ্টা
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের সঙ্গে অন্ততঃ দুই উপদেষ্টা একমত পোষণ করেননি। আহমেদ দীপু ও এহসানুল হক বাবু বিস্তারিত জানাচ্ছেন।
রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বলেন “এখনও সেনাবাহিনী মোতায়েনের মত পরিস্থিতি হয়নি।”
সি এম শফি সামি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, “দেশে এখনও এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে সেনা মোতায়েন করতে হবে। এ পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। সেনা মোতায়েনের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই।”
শনিবার রাতে রাষ্ট্রপতির নির্দেশে সেনাবাহিনী মোতায়েনের পর এই প্রথম দুই উপদেষ্টা এর বিপক্ষে নিজেদের অবস্থানের কথা খোলাখুলিভাবে সাংবাদিকদের বললেন।
এ পরিস্থিতিতে পদত্যাগ করবেন কি-না এ প্রশ্নের জবাবে হাসান মশহুদ চৌধুরী বলেন “আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তবে কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে সিদ্ধান্তটি কার্যকর করা যায় সেটি আমি ভাবছি। আপনারাও জানতে পারবেন। খুব বেশি দেরি হবে না।”
পদত্যাগ প্রসঙ্গে সি এম শফি সামি বলেন, “আমি যদি মনে করি দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আমি কোন ভূমিকা রাখতে পারছিনা বা পারবো না তখনই আমার পদ থেকে সরে দাড়াবো।”
সেনা মোতায়েনের সিদ্ধান্ত সম্পর্কে সাবেক এ সেনাপ্রধান বলেন, “আমার নীতি ও বিবেকের প্রশ্নে আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি। আমার আত্মসম্মানের বিষয়টি এর সঙ্গে জড়িত।”
পদত্যাগ প্রসঙ্গে শফি সামি বলেছেন, “সুষ্ঠু নির্বাচনে কোনো ভূমিকা রাখতে পারছি না বুঝতে পারলে পদ থেকে সরে দাঁড়াবো।”
রাজনৈতিক দল ও উপদেষ্টাদের গুচ্ছ প্রস্তাব বাস্তবায়ন প্রসঙ্গে হাসান মশহুদ চৌধুরী বলেন, “ওই প্রস্তাব বাস্তবায়ন করা এখন খুবই কঠিন। মাহেন্দ্রক্ষণের কথা বলেছিলাম-তাও এখন শেষ হয়ে গেছে।”
অবশ্য এ গুচ্ছ প্রস্তাবের ব্যাপারে শফি সামি ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, “প্যাকেজ প্রস্তাবের মৃত্যু হয়নি। বিভিন্নভাবে বিভিন্ন পর্যায় থেকে প্যাকেজ কার্যকর করার প্রচেষ্টা জারি আছে।”
শফি সামি আরও বলেন, “আমরা উপদেষ্টারা নিজের বিবেক এবং সংবিধানের ধারা উপধারা দিয়ে চালিত হচ্ছি। কাজ করতে গিয়ে অনেক বাধা আসছে। এ বাধা আমরা অতিক্রম করেছি।” সামনে প্যাকেজ প্রস্তাব বাস্তবায়নে যে জটটা লেগেছে এই জটটা খোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা থাকা উচিত বলে মনে করেন শফি সামি।
উপদেষ্টাদের উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের শফি সামি বলেন, “আমাদের উদ্যোগ পুরোপুরি সফল হয়নি, আংশিক সফল হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, নির্বাচনের তফসিল দুই দলের সম্মতিতে পুনঃনির্ধারণ করা হয়েছে এবং ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে।”
