২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে চার হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

আগামি বছরের প্রথম ছয়মাসের জন্য সাড়ে চার হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রোববার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ২০০৭ সালের প্রথম ছয়মাসের জন্য জ্বালানি কেনাসহ তিনটি প্রস্তাব ক্রয় কমিটি পাশ করেছে।

বৈঠক সূত্র জানিয়েছে, আগের তুলনায় শতকরা ২০ ভাগ দাম বেশি ধরে মোট চার হাজার ৫২১ কোটি ৮ লাখ টাকার অশোধিত ডিজেল ও পেট্রল কিনছে সরকার। দাম বাড়ার কারণ হিসেবে জাহাজ ভাড়া ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কথা বলা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী মধ্যে ৫ লাখ মেট্রিক টন ডিজেল কিনতে দুই হাজার ১৭৮ কোটি ৯৭ লাখ টাকা , ৬ লাখ মেট্রিক টন পেট্রল কেনার জন্য ব্যয় হবে দুই হাজার ৩৪২ কোটি ১১ লাখ টাকা।

তার ও টেলিফোন বোর্ডের পুনর্গঠনের লক্ষ্যে নিয়োজিত আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ডেটকন ইন্টারন্যঅশনাল এবং জেএমবিএইচ জার্মানীর চুক্তির মেয়াদ ক্রয় কমিটি ছয়মাস বাড়িয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিকল্পনার অধীনে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ও প্রকল্প ব্যবস্থাপনা সহায়তা দেওয়ার জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাবও উপদেষ্টাদের বৈঠকে অনুমোদন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদে উত্থাপিত মোট পাঁচটি প্রস্তাবের মধ্যে গঙ্গা বাঁধের ফিজিবিলিটি স্টাডি এন্ড ডিটেইল ইঞ্জিনিয়ারিং করার প্রস্তাব উপদেষ্টা পরিষদ ফেরত পাঠিয়ে দিয়েছে। আর মংমনসিংহ মেডিকেল কলেজের শয্যাসংখ্যা ৫০০ থেকে ১০০০টি শয্যা উন্নীতকরণ কাজের বৈধতার সময়সীমা বৃদ্ধির প্রস্তাব কমিটি বাতিল করে দেয়।

উপদেষ্টা ক্রয় কমিটির প্রধান বিচারপতি ফজলুল হক ছাড়াও বৈঠকে কমিটির অন্য তিন সদস্য আকবর আলি খান, হাসান মশহুদ চৌধুরী ও সুলতানা কামাল উপস্থিত ছিলেন।