২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদের জন্মই হয় দরিদ্রতা থেকে: ইউনূস

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস শনিবার বলেছেন, “দরিদ্রতা শান্তির জন্য একটি হুমকি এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনে গ্রামীণ ব্যাংকের প্রচেষ্টার ক্ষেত্রে নোবেল পুরস্কার একটি বড় সমর্থন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 01:04 AM

Updated : 26 Apr 2022, 04:08 PM

নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইন্সটিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনূস সতর্ক করে দিয়ে বলেন, “দারিদ্রতা সমাজে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং সেখান থেকে চূড়ান্তভাবে সন্ত্রাসবাদের জন্ম হয়।”

গ্রামীণ ব্যাংক ও পল্লীফোন কর্মসূচি কিভাবে বাংলাদেশের দারিদ্র বিমোচনে সহায়তা করছে নোবেল বিজয়ী তা ব্যাখা করেন।

রোববার নোবেল পুরস্কার প্রদান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য ও ঋণ গৃহিতা তাসলিমা বেগমও দোভাষীর মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

তাসলিমা গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে দারিদ্র মোকাবেলায় তার সংগ্রামের কথা বর্ণনা করেন।

তাসলিমা এবং ড.ইউনূস একই সংস্থার প্রতিনিধিত্ব করায় নরওয়ের নোবেল কমিটি রোববারের অনুষ্ঠানে তাকে বক্তব্য রাখার সুযোগ দিচ্ছে না।

ইউনূস বলেন, তার নোবেল পুরস্কার জয় সারা বিশ্বে বাংলাদেশকে আরো পরিচিত করে তুলেছে। “আমার মনে হয় আমি একটি কাঁচের ঘরে আছি এবং সবাই আমাদের দেখছে।”

তিনি বলেন, এ পুরস্কার প্রচলিত ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে উপহাস করেছে। ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিয়ে এগিয়ে আসার জন্য তিনি তাদের পরামর্শও দেন।

তিনি বলেন, “৯০ এর দশকে বাংলাদেশে দারিদ্র ১ শতাংশ হারে কমেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটা প্রতিবছর ২ শতাংশ হারে কমে। দারিদ্র বিমোচনের এ হার বজায় থাকলে বাংলাদেশ সহস্্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে বলে আমি নিশ্চিত।”

নোবেল জয়ী বলেন, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি দৃষ্টান্ত এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে গ্রামীণ ব্যাংকের সফল ক্ষুদ্র ঋণ কর্মসূচি অনুসরণ করতে উৎসাহিত করছে।

‘সামাজিক বাণিজ্য’কে উৎসাহিত করা তার পরবর্তী লক্ষ্য, যেখানে শুধুমাত্র কয়েকজন ধনী বিনিয়োগকারীই নন সমাজের সব সদস্যের মধ্যে লাভ ভাগাভাগি হবে।

উচ্চ সুদের হার আরোপের অভিযোগ প্রত্যাখান করে ইউনূস বলেন, তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সেবামূলক কাজ নয়, বরং একে টেকসই করে তুলতে সুদের প্রয়োজন আছে।” তিনি আরো বলেন, “তাসলিমার মতো দরিদ্ররা সূদ পরিশোধ করতে দ্বিধা করেন না। তাদের মূলধনের প্রয়োজন আছে এবং স্বয়ংসম্পুর্ন হওয়ার জন্য আমরা তাদের তা দিচ্ছি।”

রাজনীতিকদের সমালোচনা করে ইউনূস বলেন, “কালো টাকার মালিক রাজনীতিকরা গণতন্ত্রে বিশ্বাস করেন না ।”

তিনি বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে সৎ প্রার্থীদের তুলে ধরতে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করবেন।

ড. ইউনূস গত সপ্তাহে বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক আলোচনার শীর্ষে উঠে আসেন। মোবাইল টেলিফোন কোম্পানি টেলিনরের পরিচালনার দায়িত্ব গ্রামীণ ব্যাংকের কাছে হস্তান্তর না করায় তিনি তার করিগরী সহযোগী এবং গ্রামীণ ব্যাংকের অধিকাংশ শেয়ারের মালিক ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করেন।

তার এই অভিযোগ নরওয়েতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

বিষয়টি শনিবারের সংবাদ সম্মেলনে প্রাধান্য পাবে বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু সংবাদ সম্মেলনের শুরুতেই নোবেল কমিটি টেলিনরের বিষয়টি না তোলার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

তবে নরওয়ের একজন সাংবাদিক ইউনূসকে এ বিষয়ে মন্তব্য করতে বললে গ্রামীণ ফোনের ৩৮ শতাংশ শেয়ারের মালিক হাসির মাধ্যমে কৌশলী উত্তর দেন, “টেলিনরের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার এবং আমাদের কিছু আমিমাংসিত বিষয় রয়েছে, যা নিয়ে আমরা আলোচনা করবো।”