বাগেরহাটের চিতলমারীতে ভারতীয় অনুপ্রবেশকারী গ্রেফতার
বাগেরহাটের চিতলমারীতে পুলিশ সুকুমার দত্ত (৪২) নামে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে।
অভিযুক্ত ব্যক্তি এলাকায় অবস্থান করে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে চাঁদা তুলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিতীশ চন্দ্র সরকারের নির্দেশে বৃহস্পতিবার বিকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ধৃত সুকুমার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পর্বথলি থানার শ্রীপুর গ্রামের সুবোধ কুমার দত্তের পুত্র। সে বেশ কিছুদিন আগে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। পুলিশ তার বাংলাদেশে অনুপ্রবেশের কারণ ও তাকে আশ্রয়দাতাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।
এই ঘটনায় চিতলমারী সদর ইউনিয়নের মেম্বর সরদার মোক্তার হোসেন বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেছেন। চিতলমারী থানার মামলা নং ২, ৭/১২/০৬।
মামলার এজাহারে মোক্তার হোসেন বলেন, ধৃত সুকামার বেশ কিছুদিন ধরে শ্রীরামপুর, রায়গ্রামসহ সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন এলাকার মানুষের সহানুভুতির সুযোগ নিয়ে ভারতে ফিরে যাবার খরচের কথা বলে আর্থিক সহযোগিতার নামে চাঁদা তুলছিল।
