রাজনৈতিক দলগুলোই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: টিআই জরিপ
রাজনৈতিক দলগুলোই বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক জরিপে চিহ্নিত হয়েছে ।
দুর্নীতিগ্রস্তের তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সংসদ এবং আইনপ্রণেতারা। শুক্রবার টিআই-এর বাংলাদেশ চ্যাপ্টার এক বিবৃতিতে এই তথ্য জানায়।
“গে¬াবাল করাপশন ব্যারোমিটার ২০০৬” শীর্ষক জরিপটি বৃহস্পতিবার প্রকাশ করে টিআই। টিআই-এর জন্য জরিপ প্রতিবেদনটি তৈরি করতে গ্যালাপ ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা ৬২টি দেশের ৬০ হাজার নাগরিকের মতামত যাচাই করে। তবে এই ৬২টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল না।
জরিপে অংশ নেয়া অধিকাংশ মানুষ মনে করেন, দুর্নীতি প্রতিরোধে তাদের সরকার যথেষ্ট তৎপর নয়। ৬৯ শতাংশের বিশ্বাস দুর্নীতি প্রতিরোধে সরকার সক্ষম নয়। বরং কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার দুর্নীতিতেই উৎসাহ যোগাচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইফতেখারউজ্জামান বলেন, “জরিপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা না হলেও এর ফলাফল আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ।”
তিনি আরো বলেন, “বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ রাজনৈতিক দল এবং সংসদের মতো প্রতিষ্ঠানগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। সরকারের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চত করার জন্য এসব প্রতিষ্ঠানের কাছে জনগণ যে ভূমিকা প্রত্যাশা করে সেটি পূরণ হচ্ছে না।”
জরিপে দুর্নীতি সম্পর্কে জনসাধারণের নিজস্ব অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি দুর্নীতিগ্রস্ত খাত চিহ্নিত করা, এর বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খুঁজে বের করার ওপর জোর দেয়া হয়েছে।
এতে অংশ নেয়া ৪২ শতাংশ ইউরোপীয় ও ৫০ শতাংশ উত্তর আমেরিকান মনে করেন, তাদের সরকার দুর্নীতি কমিয়ে আনতে ব্যর্থ হয়েছে। এছাড়া ১৯ শতাংশ উত্তর আমেরিকান, ১৫ শতাংশ এশিয়ান এবং ২৩ শতাংশ ল্যাটিন আমেরিকানের বিশ্বাস সরকার উল্টো দুর্নীতিকেই উৎসাহিত করছে।
জরিপে উত্তরদাতাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পুলিশ ঘুষগ্রহণকারীদের শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে তারা দুর্নীতিগ্রস্তের তালিকায় ৪ নম্বরে নেমে আসে।
জরিপে বলা হয়, সব দেশেই পুলিশ অহরহ ঘুষ নিয়ে থাকে। ল্যাটিন আমেরিকার উত্তরদাতাদের তিনজনের মধ্যে একজন কোনো না কোনো সময় পুলিশকে ঘুষ দিয়েছে বলে জানায়।
