জয়পুরহাটে অপহৃত স্কুলছাত্রী ১০ দিনেও উদ্ধার হয়নি
জয়পুরহটের কালাই উপজেলার মুসলিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাহবুবা ফেরদৌসী মিশু (১৪) অপহৃত হওয়ার ১০ দিন পরও পুলিশ তাকে উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার বিবরণে জানা যায়, কালাই উপজেলার টাকাহুত গ্রামের স্কুল শিক্ষক মাকছুদুর রহমানের মেয়ে মাহবুবা ফেরদৌসী মিশু গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুুল শেষে বাড়ি ফেরার পথে তছকিন হাজির চাতালের সামনে পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে মিশুর বাবা বাদী হয়ে তিনজনকে আসামী করে কালাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
অপহরণের ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা মিশুকে উদ্ধার করতে পারেনি। এদিকে অপহরণকারীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা কালাই থানার এসআই শাহীনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিশুকে উদ্ধারের জন্য এখনও অভিযান চলছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকার শাহাদাৎ ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হলেও অন্য আসামীদের ধরা যায়নি।
