উত্তরায় একই পরিবারের ৩ জন নিহত
রাজধানীর উত্তরায় এয়ারপোর্ট রোডে বৃহস্পতিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন হাতঘড়ি ব্যবসায়ী আরিফ খন্দকার, তার ভাগ্নে ড. মোহাম্মদ শহীদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আতিকুর রহমান তুষার এবং তুষারের দুলাভাই মোহাম্মদ আক্কাস। দিদার নামে আহত একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের গ্রামের বাড়ি ধামরাই এলাকার কশুরাবাজারে। তারা মিরপুরের পল্লবী এলাকার ২১ নং লাইনের ই-ব্লকের ৫২ নং বাসায় থাকতেন।
পুলিশ জানায়, দ্রুতগামী একটি মাল বোঝাই পিকআপ ভ্যান উত্তরায় এয়ারপোর্ট রোডের পাশে সারি’অ ফিলিং স্টেশনের সামনে বৃহস্পতিবার রাত ২ টার দিকে সিএনজিচালিত একটি বেবিট্যাক্সিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এত ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়। আহত দিদারের অবস্থা গুরুতর।
নিহত আরিফের চাচা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, এয়ারপোর্ট থেকে মিরপুর ফেরার পথে পিকআপ ভ্যানটি তাদের চাপা দেয়।
উত্তরা পুলিশ জানায়, তারা ঘাতক পিকআপ ভ্যানটি আটক করলেও চালককে ধরতে পারেনি।
