২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যঙ্গচিত্রের মাধ্যমে দুর্নীতিকে ধিক্কার নবীনরা

আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে তরুণ সমাজকে সচেতন করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজন করেছে ব্যঙ্গচিত্র প্রদর্শনী। দেশের বিভিন্ন স্থানের নবীন শিল্পীরা দুর্নীতির অন্ধকার দিক তুলে ধরে একে বিদ্রুপ করেছেন তাদের চিত্রকর্মে। তিনদিনের এই প্রদর্শনীর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এতে “ক” গ্রুপের ১৩-১৮ বছর বয়সী ও “খ” গ্রুপের ১৯-৩৫ বছর বয়সী প্রতিযোগীদের আঁকা ৩১৬টি ছবির মধ্যে শ্রেষ্ঠ ৬০টি ব্যঙ্গচিত্র স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বলেন, “দুর্নীতি আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। অল্প কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য পুরো দেশ অন্ধকারে ডুবে যাচ্ছে।” তিনি টিআইবির আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রতিযোগীদের ভাবনা, রসবোধ ও দৃঢ় বক্তব্য সমাজের দুর্নীতি কিছুটা হলেও দূর করবে।”

অনুষ্ঠানে ডেনমার্কের রাষ্ট্রদূত হেনরি এইচ ইয়েনসন বলেন, “ব্যঙ্গচিত্র খুব চমৎকার একটি ভাষা। কোনো বিষয়ের প্রতিবাদে এ ভাষা সচেতন মনের মুক্ত ও বিদ্রƒপাত্মক প্রকাশ।”

সাংবাদিক শাহরিয়ার খান বলেন, “ব্যঙ্গচিত্র নিয়ে বড় মাপের প্রতিযোগিতা এই প্রথম। একজন নিরক্ষর মানুষও এগুলো দেখে মজা পান, বুঝতে পারেন।”

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সামাজিক সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েই এ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘ক” গ্রুপে খাগড়াছড়ির মো. মাহ্দীন-উর-রহমান প্রথম হন। ঢাকার মাসুম বিল্লাল ও মিনারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন।

‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন ঢাকার সুমন ওয়াহিদ। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে ঢাকার মামুন হোসাইন ও সিরাজগঞ্জের মো.আরিফুর রহমান।

বিচারক ছিলেন শিল্পী মোস্তফা মনোয়ার, রফিকুন নবী, শিশির ভট্টাচার্য্য, আহসান হাবিব ও শাহরিয়ার খান।

৯ ডিসেম্বর উইমেন্স ভলান্টারি এসোসিয়েশন মিলনায়তনে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।