২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলরি প্রক্রিয়ায় খুশী নন বিদায়ী স্বরাষ্ট্র সচিব

সদ্য বিদায়ী স্বরাষ্ট্র সচিব এসএম জহরুল ইসলাম প্রকাশ্যে তার এবং গুরুত্বপূর্ণ কয়েকজন সচিবের বদলির সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 11:43 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তিনি বলেন: “যেভাবে তাদের বদলি করা হয়েছে তা আমলাতন্ত্র ও জনপ্রশাসনের জন্য সুখকর নয়।

“রাষ্ট্রপতি বৃহত্তর জনস্বার্থে এ বদলি করেছেন। তবে এ বদলির আদেশ আমলাতন্ত্রের (ব্যুরোক্র্যাট) জন্য ভালো হলো না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে।”

তবে নতুন স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম তার সঙ্গে একমত হননি। তিনি বলেছেন “সরকারি কর্মকর্তাদের জন্য বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। যে কোনো কর্মকর্তাকে সরকার প্রয়োজনে বদলি করতে পারেন। তেমনি স্বাভাবিক প্রক্রিয়ায় আমাকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।”

দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ সম্পর্কে তিনি বলেন, “রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সঙ্গে কথা বলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যা যা করণীয় সমস্ত পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো।”

তিনি বলেন, “নির্বাচনে পেশী শক্তি ও অস্ত্রের ব্যবহার কারোরই কাম্য নয়। শোনা যাচ্ছে, শীর্ষ সন্ত্রাসীরা কেউ কেউ দেশে ফেরার চেষ্টা করছে, এটা কোনভাবেই হতে দেয়া হবে না।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবনিযুক্ত স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন।

রাজনৈতিক সংকট সমাধান প্রচেষ্টার অংশ হিসেবে বুধবার ছ’জন সচিবের দায়িত্ব বদল করা হয়। এসএম জহরুল ইসলামকে স্বরাষ্ট্র থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে বদলি করা হয়। স্বরাষ্ট্রে আসা আবদুল করিম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি অস্বাভাবিক নয় বলে মন্তব্য করে বিদায়ী সচিব বলেন, “আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধার চলমান প্রক্রিয়া। যখন যেটা জরুরি, সেটাই তখন করতে হয়।”

তিনি বলেন, “আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে উদ্ধার অভিযান নিয়মিতই করতে হয়। তবে নির্বাচনকে সামনে রেখে ঘোষণা দিয়ে অভিযানের কোনো প্রয়োজন নেই। এতে অভিযানের লক্ষ্য ব্যাহত হবে।”

নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ে রদবদল শতভাগ সম্পন্ন হয়েছে দাবি করে তিনি বলেন, “কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কমান্ড লেভেলে শতভাগ রদবদল হয়েছে। এর আওতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যায়ে রদবদল হয়েছে। এখন আবারো রদবদলের প্রয়োজন হলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে।”

পুলিশ প্রশাসনে রদবদলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সম্পর্কে তিনি বলেন, “নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবেই। এটা স্বাভাবিক।”