২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রশাসকদের জন্য নতুন ‘ফিটলিস্ট’ এর দরকার নেই: মন্ত্রিপরিষদ সচিব

জেলা প্রশাসকদের জন্য নতুন ‘ফিটলিস্ট’ তৈরির প্রয়োজন নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 03:54 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

মন্ত্রীপরিষদ বিভাগের দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, “জেলা প্রশাসকদের জন্য নতুন ‘ফিটলিস্ট’এর প্রয়োজন নেই। পুরনো ‘ফিটলিস্ট’-এই কাজ চলবে।”

আলী ইমাম মজুমদার আরো বলেছেন, “নির্বাচনের সময় জেলা প্রশাসকরা নির্বাচন কমিশনের আওতায় থাকলেও তাদের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে।”

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন ‘ফিটলিস্ট’ না করার কারণে সদ্য পদোন্নতি পাওয়া অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেলা প্রশাসক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে।”

প্রশাসনে রদবদল প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, “সরকার প্রয়োজন মনে করলে আরো অনেক রদবদল হবে। তবে প্রশাসনে অস্থিরতা চলছে এটা আমি মনে করিনা। প্রশাসনে কোন রাজনীতিকরণ হয়নি এবং বিভক্তির পথেও যাচ্ছেনা প্রশাসন।”

তিনি বলেন, “নির্বাচনের সময় অবশ্যই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবো এবং জেলা প্রশাসকরাও নিরপেক্ষভাবে কাজ করবে।”

উত্তরার ঘটনা এবং প্রশাসনে এক কর্মকর্তাকে প্রহৃত করার ঘটনার তদন্ত হচ্ছে বলে জানান আলী ইমাম।

‘প্যাকেজ প্রস্তাব’ এর আওতায় বদলি প্রসঙ্গে আলী ইমাম বলেন, “এটা অপমানজনক বলে আমি মনে করিনা। সরকার তার প্রয়োজনে যে কাউকে বদলি করতে পারে। যেকোন পদে পদায়ন করতে পারে।”