নোবেল পুরস্কার আনতে নরওয়ে যাচ্ছেন নড়াইলের আরতি
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের আরতি রানী গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল শান্তি পুরস্কার নিতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার নরওয়ের উদ্দেশে রওয়ানা হচ্ছেন।
বর্তমানে গ্রামীণ ব্যাংকের তত্ত্বাবধানে ঢাকায় অবস্থান করছেন আরতি রানী। আগামী রোববার (১০ ডিসেম্বর) নরওয়েতে নোবেল পুরস্কার দেওয়া হবে।
আরতি রানী গ্রামীণ ব্যাংক নড়াইল সদর উপজেলার তুলারামপুর শাখার প্রবীণ সদস্য। ১৯৯৬ সালে গ্রামীণ ব্যাংকের তুলারামপুর শাখা স্থাপনের পর টোকেন বিশ্বাসের বিধবা স্ত্রী আরতি রানী প্রথম সদস্য হিসাবে গ্রামীণ ব্যাংক থেকে মাত্র তিন হাজার টাকা ঋণ নিয়ে বাড়িতে দেশি মুরগির খামার গড়ে তোলেন। পরে তিনি আরও ঋণ নিয়ে নিজ গ্রামেই মুদি ও সারের দোকান দেন। স্বল্প সময়ের ব্যবধানে আরতি রানী স্বাবলম্বী হয়ে উঠেন। তার একমাত্র সন্তান মিলন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। আরতি রানীর উৎসাহে সহায়-সম্বলহীন আশপাশের অনেক মহিলা এ ব্যাংকের সদস্য হয়ে ঋণ নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন। এ শাখার বর্তমান সদস্য সংখ্যা ৪ হাজার ২০০।
গ্রামীণ ব্যাংক তুলারামপুর শাখার ব্যবস্থাপক দিলীপ কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরতি রানীর সঙ্গে সারা দেশ থেকে গ্রামীণ ব্যাংকের আরও আটজন সদস্য নরওয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, এসব সদস্যের অধিকাংশই গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন।
এদিকে গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল শান্তি পুরস্কার আনতে যাওয়ার জন্য নড়াইলের তুলারামপুর এলাকার মেয়ে আরতি রানী নির্বাচিত হওয়ায় মালিডাঙ্গা ও আশপাশের গ্রামের লোকজনের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে।
