সুপ্রিম কোর্টের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি ৩ শীর্ষ আইনজীবীর
দেশের তিনজন বিশিষ্ট আইনজীবী বলেছেন, ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।
তারা সংবিধান সমুন্নত রাখা এবং বিচার বিভাগের ঐতিহ্য রক্ষায় একযোগে কাজ করার জন্য বিচারক ও আইনজীবীদের প্রতিও আহ্বান জানিয়েছেন।
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ বুধবার এক যৌথবিবৃতিতে বলেন, “সুপ্রিম কোর্ট যাতে নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পাদনের সংবিধানিক দায়িত্ব পালন করতে পারে সেজন্য বিভক্তি ও সংঘাতের পথ এড়িয়ে এবং ভুলত্রুটি সংশোধনে আমাদের একযোগে কাজ করতে হবে।”
তারা ব্যক্তিগত বিভেদের ঊর্ধ্বে উঠে সংবিধান এবং মূল্যবোধ ও প্রতিষ্ঠান রক্ষায় একযোগে কাজ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
শীর্ষ ৩ আইনজীবী বলেন, “আমরা সবাই সংবিধান, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতাকে সবার ওপরে ঠাঁই দেব। বিভেদ ও সংঘাতের পথ ছেড়ে বেরিয়ে আসতে আমরা যদি একযোগে কাজ না করি তাহলে আমরা নিজস্ব ঐতিহ্য রক্ষায় ব্যর্থ হব।”
গত ৩০ নভেম্বরের ঘটনার জন্য আইনজীবীরা গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা ওই দিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে যেকোনও ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা বলেছেন, “এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। এ ঘটনার জন্য দায়ীদের অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”
এ ঘটনায় দায়ী আইনজীবী ও বিচারকদের ব্যাপারে তদন্তের পর যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তারা আপিল বিভাগের সাবেক প্রধান বিচারপতিদের কাছে দিকনির্দেশনা চেয়েছেন।
বিবৃতিতে বলা হয়, “কেন ঘটনা ঘটানো হয়েছে তা সনাক্ত করতে প্রচলিত দৃষ্টান্ত এবং চর্চার বাইরে গিয়ে তদন্ত চালানোর জন্য আমরা কি আবেদন জানাতে পারি না? মনে রাখতে হবে, আমাদের আইন ও বিচার বিভাগীয় ঐতিহ্য দৃষ্টান্তের প্রতি শ্রদ্ধাবোধ এবং অতীতের চর্চার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে।”
প্রসঙ্গত গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা পদ গ্রহণের বৈধতা নিয়ে করা রিটের রায় ঘোষণার প্রাক্কালে প্রধান বিচারপতি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়ার পর আদালত প্রাঙ্গনে ব্যাপক হাঙ্গামা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সেই ঘটনার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা নজিরবিহীনভাবে দু’দিন ধরে
(মঙ্গল ও বুধবার) আদালত বর্জন করছেন। এর ফলে পুরো সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
ভাংচুরের ঘটনায় সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে মঙ্গলবার ঢাকার শাহবাগ থানায়। এ নিয়ে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে চলছে উত্তেজনা, আন্দোলন-মিছিল ও বিবৃতি যুদ্ধ।
