তফসিল পুনঃনির্ধারণের বিষয়টি বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে
তফসিল পুনঃনির্ধারণের বিষয়টি বৃহস্পতিবার চূড়ান্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার পৌনে ৭টার দিকে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সভায় নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ ছাড়াও ভোটার তালিকা সংশোধন কার্যক্রম এবং সংশ্লিষ্ট আরো কিছু বিষয়ে আলোচনা হয়।
বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠক শেষে রাত ১০ টার পরে তথ্য উপদেষ্টা মাহবুব উল আলমও সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবারই নির্বাচনের পুনঃনির্ধারিত তফসিলের ঘোষণা আসবে।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের একটা সময়সীমাও আমরা ঠিক করেছি। এ ছাড়া আরও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে যাচ্ছি।”
‘নির্বাচন কমিশন বিতর্কিত হওয়ায় যোগ্য কাউকে পাওয়া যাচ্ছে না, কাজেই আপনারা কি তেমন কাউকে পেয়েছেন?’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, “পাওয়া যাবে অবশ্যই।”
মাহবুবুল আলম আরও বলেন, “আমরা সঠিক সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আগামীকালের মধ্যেই বেশ বড় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি বলেন, “৯০ দিনের মধ্যেই নির্বাচন হবে।”
উল্লেখ্য, ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।
এদিকে সকাল থেকেই নির্বাচন কমিশন সচিবালয়ে আসেনি সচিব আব্দুর রশীদ সরকার।
তিনি পদ্মা ও বঙ্গভবনে উপদেষ্টাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।
বিকেল সাড়ে ৩টার এর দিকে মোবাইল টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সচিব জানান, তিনি বঙ্গভবনে আছেন। বৈঠক চলছে । বুধবার কমিশন সচিবালয়ে তার ফেরার সম্ভাবনা কম।
অন্যদিকে বিকেল ৪টায় ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান সব কজন কমিশনারকে নিয়ে বৈঠকে বসেন। সাড়ে ৬টা পর্যন্ত এ বৈঠক চলে।
এরপর কমিশন দ্বিতীয় দফা বৈঠকে বসে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাহফুজুর রহমান বেরিয়ে যাওয়ার সময় গাড়ি বারান্দায় সাংবাদিকদের তফসিল পুনঃনির্ধারণ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, “কাল সবই জানতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে সবকিছু লেখাইতো আছে।”
দুই কমিশনার ছুটিতে যাচ্ছেন কিনা সে প্রশ্নের জবাব অবশ্য তিনি দেননি।
এর মিনিট দশেক পর নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী সচিবালয় ত্যাগ করার সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান তিনি ছুটিতে যাচ্ছেন কিনা। এর জবাবে তিনি বলেন, “নো কমেন্ট ফ্রম মাই সাইড।”
আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই তিনি তড়িঘড়ি চলে যান।
রাত ৮ টা ১০ মিনিটে অফিস ত্যাগ করার সময় আরেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া ওই একই প্রশ্নের কোনো জবাব দেননি।
১৪ দল বিতর্কিতদের বাদ দিয়ে কমিশন পুনর্গঠনের দাবিতে আন্দোলন করছে।
এদিকে কমিশন বুধবার এক জরুরি ফ্যাক্স বার্তায় দেশের নির্বাচন কর্মকর্তাদের হালনাগাদ করা ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে সংশোধনের জন্য একটি দিক নির্দেশনা পাঠিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার হালনাগাদ করা ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে সংশোধনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন।
এর আগে ২৭ নভেম্বর কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ওই তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ১১ ডিসেম্বর বাছাই, ১৯ ডিসেম্বর প্রত্যাহার ও ২১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা।
