আইনজীবীদের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আইনজীবী নেতাদের বিরুদ্ধে দায়র করা মামলাকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে এর প্রতিবাদ জানিয়েছে।
গত বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম আমীর-উল ইসলাম, সাবেক সভাপতি ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, সাবেক সম্পাদক এম ইনায়েতুর রহিম, আইনজীবী নেতা সুব্রত চৌধুরী, শেষ আওসাফুর রহমান, তানিয়া আমীর, খসরুজ্জামান ও সুব্রত সাহার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
এর প্রতিবাদে বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক জরুরি সাধারণ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বৃহস্পতিবারের ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় হিসেবে বর্ণনা করে ওই দিনই দুটি মামলা এবং পাঁচদিন পর মঙ্গলবার রাষ্ট্রদোহিতার মামলা দায়েরের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বলে সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বক্তারা প্রকৃত ঘটনা অনুসন্ধানে গঠিত সমিতির তদন্ত কমিটির কাজে বাধা সৃষ্টির অভিযোগ এনে বলেন, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই এসব মামলা করা হয়েছে।
তারা এসব মামলাকে যড়যন্ত্রমূলক হিসেবে উল্লেখ করে অবিলম্বে এগুলো প্রত্যাহারের এবং মামলা দায়েরকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
আদালত বর্জনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে তারা বিচারপতিদের বিচার কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানান।
সমিতির সহ-সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মোহাম্মদ ওজায়ের ফারুক, মাহবুবে আলম, সম্পাদক এএম আমিন উদ্দিন, সহ-সম্পাদক এমএ মান্নান মোহন, সাবেক সম্পাদক মাহবুব আলী, বশির আহমেদ এম ইনায়েতুর রহিম প্রমুখ।
