কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ২
সদর উপজেলার কামালপুর গ্রামে চরমপন্থীদের সঙ্গে বন্দুক যুদ্ধে কনস্টেবল জাহাঙ্গীর নিহত হওয়ার ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতেই একটি কাটা রাইফেল ও ৮ রাউন্ড গুলিসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এদের একজনের নাম শাহিন ও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত পরিচয়ের লোকটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় পুলিশি অভিযান চলছে।
এদিকে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে বুধবার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর নিজ বাড়ি মাদারীপুরের কুলপদ্দি গ্রামে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।
সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতের স্ত্রীর সঙ্গে দেখা করে মহাপুলিশ পরিদর্শকের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা দেন।
এছাড়া পুলিশ বিভাগের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার প্রস্তাব এবং তার পরিবার ও ৩ বছরের শিশু কন্যার জন্য সব রকমের সাহায্য সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা স্বীকার করেন।
চরমপন্থীদের সঙ্গে বন্দুকযুদ্ধে মঙ্গলবার সন্ধ্যার দিকে কনস্টেবল জাহাঙ্গীর হোসেন (৪০) নিহত হয়। আহত হয় আরও দুই ব্যক্তি।
