সাভারে যাত্রীবাহী বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে চিশতিয়া ফিলিং স্টেশনের কাছে বুধবার সকালে ঢাকাগামী গ্রেটওয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর প্রায় একঘন্টা ঢাকা-আরিচা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সাভার থানার এস আই আজিজ জানান, সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে সকাল ৮ টার দিকে গ্রেটওয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো ব-১১-২৫২৭) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে বাসের গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে বাসটিতে আগুন ধরে যায়। এসময় তাড়াহুড়া করে বাস থেকে নামতে গিয়ে ৫/৬ জন যাত্রী আহত হয়।
