সুন্দরবনে ১৩ টি আগ্নেয়াস্ত্র ও ৫০০ রাউন্ড তাজা গুলি উদ্ধার
র্যাব সদস্যরা বরগুনা জেলার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবনের আমবাড়িয়া এবং কচিখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৫০০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এর আগে তারা দুই জলদস্যুকে আটক করে।
আটককৃতরা হলেন সুন্দরবন এলাকার জলদস্যু সম্রাট সুমন-কালাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জামাল (৩৫) ও বাদশা (২৫)।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি বন্দুক, ৩ টি কাটা রাইফেল ও একটি পিস্তল এবং পাঁচ’শ রাউন্ড তাজা গুলি।
কোস্টগার্ড (মংলা) পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহাম্মদ সরকার ও সুন্দরবন পুর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক সাজ্জাদ হোসেন এই সংবাদের সত্যতা স্বীকার করেছেন।
অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে রোববার রাতে জামাল ও বাদশাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সোমবার অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়। অস্ত্রগুলো মাটির নিচে লুকানো ছিল।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ মেজবাহুন্নবী জানান, বরিশাল এলাকার র্যাবের একটি দল অস্ত্র উদ্ধার করে ফিরে গেছে।
উল্লেখ্য সম্প্রতি র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত দস্যু জাহাঙ্গীর বড়িয়ালের গ্রুপের হাতে এ ধরনের অস্ত্র ছিল। বড়িয়ালের মৃত্যুর পর তার বাহিনীটি সুমন বাহিনী নামে পরিচিতি পায়।
