ঝালকাঠীতে মা-মেয়েকে জবাই করে হত্যা
বরগুনা জেলার বামনা এবং ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার সীমান্তবর্তী জোরখালী গ্রামে শনিবার গভীর রাতে মাকসুদা বেগম (২২) ও তার ১০ মাসের মেয়ে শিমাকে জবাই করে হত্যা করেছে ডাকাত দল।
হত্যার পর ডাকাত দল ৪৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতদের হামলায় মাকসুদার স্বামী শাহীন শিকদার (২৮) মারাত্মক আহত হন। তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঠালিয়া থানার এসআই মাজহার জানান, ৯/১০ জনের একদল ডাকাত গভীর রাতে শাহিন শিকদারের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। শাহিনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় মাকসুদা চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে এবং শিশু কন্যাকে জবাই করে হত্যা করে।
হাসপাতালে চিকিৎসাধীন শাহিন শিকদার সাংবাদিকদের বলেন, বেসরকারি সংস্থা আশার মঠবাড়ীয়া উপজেলার মিরুখালী শাখা থেকে শনিবার সকালে তারা ৪২ হাজার টাকা তোলেন। ডাকাত দল এই খবর পেয়ে রাতে বাড়িতে হানা দেয়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
