২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ১৪ দলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবরোধ দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পারবেন না। জনপ্রিয়তা থাকলে সাহস করে নির্বাচনে আসুন। জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

১৪ দলের হত্যা, নৈরাজ্য, সন্ত্রাস ও সুপ্রিম কোর্টে হামলার প্রতিবাদে শনিবার বিকেলে শিবপুর কলেজ গেটে চার দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যেতে পারবে না জেনে ১৪ দল নৈরাজ্যের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা হরতাল অবরোধ করে দেশের অর্থনীতি ধ্বংস করছে।

তিনি আরো বলেন, অবরোধ জনপ্রিয়তা বা জনসমর্থনের মাপ কাঠি নয়। এক সময় তাদের দাবি ছিলো ৫১টি এখন সেটা ১১টায় নেমে এসেছে। সব দাবি পূরণ করলেও তাদের দাবির শেষ হবে না।

আওয়ামী লীগ সভানেত্রীর উদ্দেশে তিনি বলেন,“গণতন্ত্রের প্রতি যদি আস্থা থাকে তাহলে রায়ের জন্য জনগণের কাছে যান। নির্বাচন ছাড়া আপনাকে ক্ষমতায় বসানোর কোনো সুযোগ নেই।” মান্নান ভূঁইয়া সব ভেদাভেদ ভুলে নির্বাচনের প্রস্তুতি নিতে চার দলের নেতাকর্মীদের নির্দেশ দেন।

শিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সাবেক এমপি খায়রুল কবির খোকন, আব্দুল আলী মৃধা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহউদ্দিন ইরান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার বক্তব্য রাখেন।