খাগড়াছড়িতে শান্তি চুক্তির বর্ষপূর্তি পালিত
ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও আওয়ামী লীগ আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে। জনসংহতি দুপুরে জেলা শহরের মহাজন পাড়া এমএন লারমা স্কোয়ারে আত্ম নিয়ন্ত্রণাধিকার জোরদার ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ করে।
বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনগুলোর উদ্যোগে শহরে বিশাল শান্তি র্যালি ও শাপলা চত্বর মুক্তমঞ্চে সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে এতে বক্তারা আগামিতে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হলে শান্তি চুক্তি বাস্তবায়নের অঙ্গিকার করেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল আলম, আওয়ামী লীগ নেতা রণবিক্রম ত্রিপুরা, এসএম শফি, পার্থ ত্রিপুরা জুয়েল, যতন কুমার ত্রিপুরা, রিসোর্স চাকমা, দিদারুল আলম, কামাল উদ্দীন পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।
জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে জনসংহতি জেলা শাখার সভাপতি রসময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও ছাত্র বিষয়ক সম্পাদক উষাতন তালুকদারসহ অনেকে।
