নারায়ণগঞ্জে বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২
জেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকায় শনিবার একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
বেলা সোয়া ১১টার দিকে সন্দেহভাজন সন্ত্রাসীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে (নারায়ণগঞ্জ-জ-০৪-০১৮৬) আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় তিন/চারজন যাত্রী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কারা, কী কারণে বাসটিতে অগ্নিসংযোগ করেছে তা জানা না গেলেও এ সময় এলাকাবাসী ফকির চাঁন ও ইয়াসিন নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মিয়া জানান, এদের বিরুদ্ধে ডাকাতির বেশ কয়েকটি মামলা রয়েছে।
এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
