২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সঙ্গে কথা বললে শপথ ভঙ্গ হয় না: হাসান মশহুদ চৌধুরী

সাংবাদিকদের সঙ্গে কথা বললে উপদেষ্টাদের মূল উদ্দেশ্য কখনই ব্যাহত হয়না বরং এর মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, বললেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 01:31 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সাংবাদিকদের সঙ্গে কথা বলে উপদেষ্টারা শপথ ভঙ্গ করছেন বুধবার খালেদা জিয়ার এ অভিযোগের প্রেক্ষাপটে হাসান মশহুদ বৃহস্পতিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।

হাসান মশহুদ চৌধুরী বললেন, “আমরা ভুল কিছু করছিনা। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।”

তিনি আরও বলেন, বিএনপি সহ সবার সঙ্গেই মতবিনিময় করছেন তারা। খুব শিগগিরই সব বিষয়ে ইতিবাচক ফলাফল দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক সংকট নিরসনের জন্য ড. মুহাম্মদ ইউনূস যেসব প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে হাসান বলেন,“এটি ভালো প্রস্তাব। কিন্তু যাদের বাস্তবায়ন করার কথা তারা তা গ্রহণ করেননি। সঙ্গত কারণেই প্রস্তাবটি কি দাঁড়াবে তা আমি বুঝতে পারছিনা।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন “এটি সংবিধান সম্মত কিনা তা আমি জানিনা। কারণ আমি সংবিধান বিশেষজ্ঞ নই।”

তত্ত্বাবধায়ক সরকারের বয়স এক মাস হওয়ায় তারা সফল কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা সফল না ব্যর্থ তা বিবেচনা করবে জনগণ। তবে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের আন্তরিকতার কোন ত্রুটি নেই।”

দেশে অবাধ নির্বাচনের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রেইগ জেনিসের উদ্বেগ প্রকাশ করার ব্যাপারে হাসান বলেন,“এটি তার নিজস্ব বক্তব্য।”

নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশী দূত প্রেরণ বাইরের কোনপ্রকার হস্তক্ষেপ কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন,“আমি মনে করি এটি খারাপ কিছু না। কারণ তারা দেশের অন্য কারণেও আসছেন। তারা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। তাদের পরামর্শ আমরা গ্রহণ করবো কিনা সেটা আমাদের সিদ্ধান্ত। তারা যদি ইতিবাচক পরামর্শ দেন তাহলে গ্রহণ করতে আপত্তি কোথায়?”

সাবেক জ্বালানী উপদেষ্টার উত্তরায় বৈঠকের ব্যাপারে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা নতুন করে গঠনের প্রস্তাব দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “এরকম কোন পদক্ষেপ নিলে তাতে কোন ফলাফল আসবে না। অন্য কোন উপদেষ্টা নতুন তদন্ত কমিটি গঠনের ব্যাপারে প্রস্তাব করতে পারেন কিন্তু আমি করব না।”