২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে মশিউর (৩৫) এবং সাবিনা ইয়াসমিন (২৬) নামে দুজন ঘটনাস্থলে নিহত হন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 10:27 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

নিহত সাবিনার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর গ্রামে। মশিউরের ঠিকানা জানা যায়নি। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত অবরোধ করে রাখে।

বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাহাবুব পরিবহনের একটি যাত্রীবাহী বাস (পাবনা-ব-১৯২০) ঢাকা মহাসড়কের গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় পৌঁছানোর পর সামনের চাকা ফেটে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় যাত্রীদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে।

আহতদের উদ্ধার করে স্থানীয় প্রেমতলী স্বাস্থ্য উপকেন্দ্র, গোদাগাড়ী স্বাস্থ্যকেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত বাস চালক মো. তারা ছাড়া আহত অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি। বিক্ষুদ্ধ এলাকাবাসী যাত্রীবাহী বাসটি ভাংচুর করে এবং বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত গাড়ী চলাচল বন্ধ করে দেয়। পরে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোদাগাড়ী থানার এস এই আইনাল জানান, সন্ধার পর থেকে গাড়ী-ঘোড়া চলাচল সচল রয়েছে।

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে।