২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছোট বোন হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদন্ড

হাজীগঞ্জ উপজেলায় ছোট বোনকে হত্যার দায়ে বড় ভাই নজরুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ বুধবার।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দণ্ডপ্রাপ্ত নজরুল বর্তমানে জেল হাজতে রয়েছে।

মামলার বিবরণে বলা হয়, উপজেলার পাঁচৈ গ্রামের প্রবাসী মোস্তফা মিয়ার ছেলে নজরুল বাবার অনুপস্থিতিতে বখে যায়। এ জন্য তার মা প্রায়ই তাকে শাসন করতেন। ঘটনার দিনও মা তাকে বকাঝকা করেন। এ নিয়ে মায়ের সাথে বাদানুবাদের এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে ছোট বোন রেহানাকে (৫) জবাই করে হত্যা করে।

মা মোসাম্মৎ হাজেরা বেগম বাদি হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন।

এর আগেও একটি মামলায় নজরুলের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল। তবে পরে উচ্চ আদালত তাকে বেকসুর খালাস দেয়।