নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রকৌশলী নিহত
গণপূর্ত বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম (৫৮) মঙ্গলবার সকালে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
নিহতের পরিবার জানিয়েছে, সকাল ১০টার দিকে এক যুবক নজরুল ইসলামের ১০২ ইন্দিরা রোডের বাসায় যায়। জনৈক শফির কাছ থেকে এসেছে বলে সে নিহতের ছেলেকে জানায়। নজরুল ইসলাম এসময় বেরিয়ে এলে ওই যুবকের সঙ্গে তার প্রায় ১৫ মিনিট কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে নজরুল ইসলামের ছেলে শরিফুল গুলির আওয়াজ শুনে এসে দেখে যুবকটি দৌড়ে পালাচ্ছে এবং দরজার পাশে পড়ে থাকা তার বাবার বুক থেকে রক্ত বের হচ্ছে।
শরিফুল তখন পিছু ধাওয়া করেও ধরতে পারেনি। ওই যুবকটি বাইরে দাঁড়ানো আরও দুই যুবকের সঙ্গে একটি সিএনজিতে করে পালিয়ে যায়।
সঙ্গে সঙ্গে নজরুল ইসলামকে শমরিতা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশ নিয়ে যাওয়ার পর শরিফুল সাংবাদিকদের জানান, “তার পিতার কোনো শত্রু ছিলো না।
ময়নাতদন্তের পর বিকেল সোয়া তিনটার দিকে নিহতের লাশ তার নরসিংদীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নজরুল ইসলামের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। গত জানুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন।
