এমবিবিএস ফলাফল ও ভর্তি কার্যক্রম ছয় সপ্তাহ স্থগিত
হাইকোর্ট সোমবার ২০০৬-০৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি কার্যক্রম ছয় সপ্তাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
সেইসঙ্গে ১৪টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ২০০৬-২০০৭ ব্যাচের ২১ নভেম্বরের ভর্তি পরীক্ষার ফলাফল এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের ২৬ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির নির্দেশ কেন আইন বহির্ভুত বলে ঘোষণা করা হবে না সে মর্মে কারণ দর্শানোর জন্যও সংশ্লিষ্টদের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।
বিচারপতি মো. আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ভর্তি পরীক্ষার্থী তানভীর আহমেদসহ পাঁচ পরীক্ষার্থীর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে ১৪টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি কার্যক্রম আগামী ছয় সপ্তাহ স্থগিত রাখার জন্য স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ আদেশ দেয়।
আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন গত ১০ নভেম্বর ও ১৭ নভেম্বর এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেয়। ১৭ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরুর ৮ ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে কম মেধাবী পরীক্ষার্থীরা টাকার বিনিময়ে প্রশ্নপত্র সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলে উচ্চ মেধাসম্পন্ন পরীক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হয়।
আবেদনে আরও বলা হয়, প্রায় ২৪ হাজার ৫শ ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ২১ নভেম্বরের মধ্যে ১৪টি মেডিকেল কলেজে ২ হাজার, ৪০টি মুক্তিযোদ্ধা কোটা, ২০টি উপজাতীয় কোটা ও ৬৪ জেলায় কোটার ছাত্র নির্বাচিত করা অসম্ভব।
আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট এম আমীরুল ইসলাম ও অ্যাডভোকেট হরিসাধন দেব ব্রহ্মণ। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজীব-উল আলম, ব্যারিস্টার মইন গণি, শাহ মো. জহিরুল হক প্রমুখ আইনজীবী।
সরকার পক্ষে বাংলাদেশের এটর্নি জেনারেল এ জে এম মোহাম্মদ আলী এবং পরীক্ষায় উত্তীর্ণদের পক্ষে ড. এম জহির ও আ্যাডভোকেট ফৌজিয়া করিম উপস্থিত ছিলেন।
