সাভারে পরিবহন ব্যবসায়ী হত্যা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ
সাভারে আলম (৩২) নামের এক পরিবহন ব্যবসায়ীকে হত্যার জের ধরে দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ রয়েছে। প্রচুরসংখ্যক যানবাহন আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কটিতে।
জানা গেছে, বৃহস্পতিবার আমিনবাজারে পরিবহন ব্যবসায়ী আলমকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। দুপুর ২টার দিকে তার লাশ আমিনবাজারে এসে পৌঁছালে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে পরিবহন ব্যবসায়ীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে বিক্ষোভ মিছিল চলছে।
এদিকে এ ঘটনায় নিহতের মা শুক্রবার রাতে বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহতের পিতার নাম নূর গণি মিয়া। তাকে হত্যার কারণ জানা যায়নি।
