করিমগঞ্জ সংঘর্ষে আহত ৩০
দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন উপজেলার খামার দেহুন্দা গ্রামে শনিবার সকালে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।
করিমগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেহুন্দা ইউনিয়ন পরিষদ সদস্য সবুজ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের মহিলা সদস্য রিজিয়া খাতুনের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে সকাল ১০টার দিকে সবুজ মিয়ার নেতৃত্বে ৫০/৬০ ব্যক্তি লাঠিসোটা ও ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে রিজিয়া খাতুনের বাড়িতে হামলা চালায়। এ সময় আশপাশের ৭/৮টি বাড়িও ভাংচুর ও লুটপাট করা হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহতদের মধ্যে তিনজনকে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল ও ১৩ জনকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি।
