ভোলায় সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধসহ আহত ১০
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন সদর উপজেলার উকিলপাড়ায় শুক্রবার সকালে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাসেল এবং সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে সকাল সোয়া ১০টার দিকে। এক ঘণ্টার এই সংঘর্ষে কয়েক রাউন্ড গুলি বিনিময়ও হয়। এতে গুলিবিদ্ধ হন রাসেল গ্রুপের বুলবুল ও নাহিদ(২৮)। এছাড়া ভাংচুর ও লুটপাটও করা হয় দুটি বাড়ি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘ দিন ধরে।
পুলিশ ঘটনাস্থল থেকে সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল রহমান ও সোহাগকে গ্রেপ্তার করে।
উভয় গ্রুপই গুলি চালানোর কথা অস্বীকার করেছে। তারা দাবি করেছে, তৃতীয় কোন গ্রুপ গুলি ছুঁড়ে থাকতে পারে।
ভোলা থানার সাব ইন্সপেক্টর মনির হোসেন বলেন, ছাত্রলীগের দুটি গ্রুপই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। তিনি আরো বলেন, সংঘর্ষের সময় পুলিশ গুলি চালায়নি। তাই তাদের গুলিতে গুলিবিদ্ধ হওয়ারও কোন কারণ নেই।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে কোন মামলা হয়নি।
