২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে আহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় একটি মিছিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে থানা ছাত্র দলের সহসভাপতি ইশরাত আহমেদ ও থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়েছ চৌধুরী আহত হন।

শহরের মরিয়ম হোটেলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটলেও পরে তা সারা শহরে ছড়িয়ে পড়ে। নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় নবীগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠি-সোটা নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের নেতা-কর্মীদের ওপর হামলা করে। আহতদের নবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নবীগঞ্জে মিছিল বের করে। এ সময় একই স্থানে ছাত্রদলের পদবঞ্চিত অপর গ্রুপটিও মিছিল বের করলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংর্ঘষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকার লোকজন।